ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, বাংলাদেশে (ইউএফটিবি) এর সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগে শিক্ষার্থীদের ব্যবহারিক দক্ষতা ও পেশাগত সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ‘B-TopSE Software Architecture - 1’ শীর্ষক দুই দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী ও পরিচিতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ মোক্তার আলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান মোঃ মাহমুদুল হাসান। এ সময় জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) এক্সপার্ট ও প্রজেক্ট কো-অর্ডিনেটর নাহো কাটসুকিসহ সংশ্লিষ্ট বিভাগের শিক্ষক, প্রশিক্ষক ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক মোঃ মশিউর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মোঃ মোক্তার আলী বলেন, বর্তমান বিশ্বে তথ্যপ্রযুক্তির দ্রুত অগ্রগতির সঙ্গে তাল মিলিয়ে চলতে শিক্ষার্থীদের প্রচলিত পাঠ্যক্রমের জ্ঞানের পাশাপাশি আধুনিক প্রযুক্তিতে ব্যবহারিক দক্ষতা অর্জন করতে হবে। বিশেষ করে সফটওয়্যার প্রকৌশলে বাস্তবভিত্তিক জ্ঞান, আধুনিক সফটওয়্যার আর্কিটেকচার সম্পর্কে ধারণা এবং সমস্যা সমাধানের সক্ষমতা অর্জন শিক্ষার্থীদের পেশাগত জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আরও আশাবাদ ব্যক্ত করেন যে, এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও শিল্পখাতের চাহিদার মধ্যে ব্যবধান কমাতে এবং আন্তর্জাতিক মানসম্পন্ন সফটওয়্যার প্রকৌশলী গড়ে তুলতে সহায়ক হবে।

B-TopSE কর্মসূচির আওতায় আয়োজিত এ প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা সফটওয়্যার আর্কিটেকচার বিষয়ে ব্যবহারিক জ্ঞান এবং পেশাগত দক্ষতা অর্জনের সুযোগ পাবেন। প্রশিক্ষণ কর্মসূচিতে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (এমবিএসটিইউ), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জেইউ), ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) এবং ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, বাংলাদেশ (ইউএফটিবি)-এর শিক্ষার্থীরা অংশগ্রহণ করছেন। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণের মাধ্যমে এ প্রশিক্ষণ কর্মসূচি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় এবং শিল্পখাতের চাহিদা অনুযায়ী দক্ষ মানবসম্পদ গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।