উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, বাংলাদেশ (ইউএফটিবি)-এর সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে ২য় সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ারিং বিভাগীয় দিবস ২০২৬ উদ্‌যাপিত হয়েছে। গত ২ নভেম্বর কালিয়াকৈর পৌরসভা অডিটোরিয়ামে দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো. মোক্তার আলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক রাকিব হোসেন। উদ্বোধনী বক্তব্য দেন বিভাগের প্রভাষক মো. মাসুদ রানা।

অনুষ্ঠানের আনুষ্ঠানিক পর্বে শিক্ষক ও শিক্ষার্থীদের বক্তব্য, কেক কাটা এবং বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার ও সম্মাননা ক্রেস্ট বিতরণ করা হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনব্যাপী আয়োজনের সমাপ্তি ঘটে।

দিবসটি উপলক্ষে পোস্টার প্রেজেন্টেশন, ভিডিও কনটেস্ট ও লোগো ডিজাইন প্রতিযোগিতার আয়োজন করা হয়। পোস্টার প্রেজেন্টেশন প্রতিযোগিতায় Zenith: Enterprise-Grade Automated Vulnerability Assessment & Penetration Testing Platform প্রকল্পের জন্য চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন বিভাগের শিক্ষার্থী সাঈদি হাসান পরশ, নাজিউর রহমান নাবিল ও মো. রাজু আহমেদ।

AEGIS Lab: An Adaptive Zero Trust Platform for Containing Comprehensive AI Agents প্রকল্পের জন্য প্রথম রানারআপ হন বিভাগের শিক্ষার্থী তাহমিদ এজাজ, সাদিয়া তাবাসসুম, আদর ঘোষ ও রাইয়ান আহমেদ। AI-Powered Cyber Attack vs AI Defense প্রকল্পের জন্য দ্বিতীয় রানারআপ হন বিভাগের শিক্ষার্থী সামিয়া হক সারা, আফসানা সুলতানা বর্ষা ও শরিফা আক্তার মুক্তি।

ভিডিও কনটেস্টে বিজয়ী হন আব্দুল্লাহ ইবনে হাসান ও সাদিয়া তাবাসসুম। অন্যদিকে, লোগো ডিজাইন প্রতিযোগিতায় বিজয়ী হন মো. শাহরিয়ার হোসাইন মুগ্ধ।

প্রধান অতিথি মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো. মোক্তার আলী প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। এ সময় তিনি শিক্ষার্থীদের মেধা, সৃজনশীলতা ও অর্জনের স্বীকৃতি প্রদান করেন। তাঁর উপস্থিতি, দিকনির্দেশনা ও উৎসাহব্যঞ্জক বক্তব্য আয়োজনকে আরও তাৎপর্যপূর্ণ করে তোলে।

অনুষ্ঠানে বিভাগের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।