বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশে ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, বাংলাদেশের (ইউএফটিবি) ডেটা সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (ডিএসই) বিভাগের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে গত ২ নভেম্বর ২০২৬ তারিখে কালিয়াকৈর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ‘DSE Day 2.0’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পবিত্র ধর্মগ্রন্থ আল-কুরআন তিলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে কেক কাটা ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে উদযাপনের আনুষ্ঠানিকতা শুরু হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডেটা সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান মো. আবুল আলা ওয়ালিদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো. মোক্তার আলী। এ ছাড়া অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, বিভাগের শিক্ষকবৃন্দ এবং বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল দুই দিনব্যাপী আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী পর্ব। ডেটাথন ও প্রতিযোগিতামূলক প্রোগ্রামিং কনটেস্টসহ বিভিন্ন প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী দলগুলোর হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেন প্রধান অতিথি। ডেটাথন প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ২৫টি দল এবং প্রোগ্রামিং প্রতিযোগিতায় ২০টি দল স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।

শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা, সৃজনশীলতা ও সমস্যা সমাধানের সক্ষমতা বিকাশে উৎসাহিত করার লক্ষ্যে এসব প্রতিযোগিতার আয়োজন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো. মোক্তার আলী শিক্ষার্থীদের গবেষণা, জ্ঞানচর্চা ও প্রযুক্তিগত দক্ষতা বিকাশের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের আয়োজন আরও বিস্তৃত করার আশাবাদ ব্যক্ত করেন।

আনুষ্ঠানিক পর্ব শেষে শুরু হয় বর্ণিল সাংস্কৃতিক অনুষ্ঠান। সংগীত, নৃত্য, কবিতা আবৃত্তি, নজরুলসংগীত ও হাস্যরসাত্মক পরিবেশনায় মুখর হয়ে ওঠে পুরো অডিটোরিয়াম। বিভাগের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সাংস্কৃতিক আয়োজনটি প্রাণবন্ত ও উপভোগ্য হয়ে ওঠে।