ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, বাংলাদেশ (ইউএফটিবি)-এর রংপুর বিভাগের শিক্ষার্থীদের উদ্যোগে নবাগত শিক্ষার্থীদের বরণ, বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ অক্টোবর ২০২৬) আয়োজিত এ অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের স্বাগত জানানো হয় এবং বিদায়ী শিক্ষার্থীদের সম্মাননা স্মারক ও উপহার প্রদান করা হয়। পাশাপাশি বর্ণাঢ্য সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠানটি উৎসবমুখর হয়ে ওঠে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো: মোক্তার আলী। এ সময় রংপুর বিভাগের সম্মানিত শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী প্রতিনিধি এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো: মোক্তার আলী বলেন, বিশ্ববিদ্যালয় জীবন শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের পাশাপাশি দক্ষতা, সৃজনশীলতা, নৈতিকতা ও নেতৃত্বের গুণাবলি বিকাশের গুরুত্বপূর্ণ সময়। নবাগত শিক্ষার্থীদের অধ্যবসায়, শৃঙ্খলা ও নিষ্ঠার সঙ্গে পড়াশোনা করে নিজেদের যোগ্য করে তুলতে হবে। একই সঙ্গে প্রযুক্তিগত জ্ঞান অর্জনের পাশাপাশি মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে।
তিনি আশা প্রকাশ করেন, নবীন শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও সহশিক্ষা কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে এবং বিদায়ী শিক্ষার্থীরা কর্মজীবনে সততা, দক্ষতা ও দায়িত্বশীলতার পরিচয় দিয়ে বিশ্ববিদ্যালয় ও দেশের সুনাম বৃদ্ধি করবে।
অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছার মাধ্যমে বরণ করে নেওয়া হয়। অন্যদিকে, বিদায়ী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও উপহার তুলে দিয়ে তাঁদের বিশ্ববিদ্যালয় জীবনের অর্জনকে স্বীকৃতি জানানো হয়।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল সাংস্কৃতিক পর্ব। এতে শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক পরিবেশনা আয়োজন করা হয়, যা অনুষ্ঠানে ভিন্নমাত্রা যোগ করে। নবীন ও বিদায়ী শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজনটি আনন্দঘন ও প্রাণবন্ত হয়ে ওঠে।