গবেষণা প্রকল্পের পরিকল্পনা, বাজেট প্রণয়ন এবং কার্যকর বাস্তবায়ন সক্ষমতা উন্নয়নে ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, বাংলাদেশ (ইউএফটিবি)-এ অনুষ্ঠিত হলো “Inception, Planning, Budget & Implementation Strategies for Funded Research Project” শীর্ষক দিনব্যাপি বিশেষ প্রশিক্ষণ কর্মশালা। বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) এর আয়োজনে ০৮ ডিসেম্বর ২০২৫ ইউএফটিবি প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, বাংলাদেশ এর মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ, বিশেষি অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় ট্রেজারার অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন। প্রশিক্ষণ কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড.মো.আব্দুর রাজ্জাক। প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, বাংলাদেশ এর আইকিউএসি’র পরিচালক জনাব সুমন সাহা। এ প্রশিক্ষণে বিভিন্ন অনুষদের শিক্ষক, গবেষক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ বলেন, একটি গবেষণামুখী বিশ্ববিদ্যালয় হিসেবে আন্তর্জাতিক মান অর্জনে প্রকল্প ব্যবস্থাপনায় দক্ষ মানবসম্পদ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের প্রশিক্ষণ আমাদের শিক্ষক-গবেষকদের সক্ষমতা বৃদ্ধি করে নতুন নতুন গবেষণা প্রকল্প অর্জনের ক্ষেত্র প্রসারিত করবে।
বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের মাননীয় ট্রেজারার অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন বলেন, গবেষণা প্রকল্পের সুসংহত বাজেট ব্যবস্থাপনা এবং যথাযথ পরিকল্পনা বিশ্ববিদ্যালয়ের সার্বিক অগ্রগতিকে ত্বরান্বিত করে। স্বচ্ছতা ও জবাবদিহিতার নীতিমালা অনুসরণে এ প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রশিক্ষণ কর্মশালার রিসোর্স পারসন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আব্দুর রাজ্জাক ইনসেপশন স্ট্র্যাটেজি, বাজেটিং, ঝুঁকি ব্যবস্থাপনা, গবেষণা নথিপত্র প্রস্তুতি, মনিটরিং এবং বাস্তবায়ন প্রক্রিয়ার উপর বিস্তারিত উপস্থাপনা প্রদান করেন। গবেষণা কার্যক্রমকে অধিক প্রভাবশালী ও ফলপ্রসূ করার জন্য তিনি বিভিন্ন বাস্তবমুখী কৌশল তুলে ধরেন।