ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, বাংলাদেশ (ইউএফটিবি)-এ “How to do Research and Build Research Careers” শীর্ষক দুই দিনব্যাপী সেমিনার আজ (মঙ্গলবার) ২১ অক্টোবর, ২০২৫ খ্রি. (মঙ্গলবার) সফলভাবে সম্পন্ন হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও সম্প্রসারণ অফিসের আয়োজনে অনুষ্ঠিত এ সেমিনারে Keynote Speaker হিসেবে উপস্থিত ছিলেন ইউএফটিবি’র মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ।
দুই দিনব্যাপী এই আয়োজনে শিক্ষার্থীদের গবেষণার মৌলিক ধারণা, তথ্য বিশ্লেষণ, অ্যাকাডেমিক রাইটিং ও প্রকাশনার কৌশল বিষয়ে হাতে-কলমে দিকনির্দেশনা প্রদান করা হয়।
সেমিনারটি গতকাল (সোমবার) ২০ অক্টোবর, ২০২৫ খ্রি. সকাল ১০:০০ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ১২০২ নম্বর কক্ষে উদ্বোধন করা হয়। প্রথম দিনের অধিবেশনে বিশ্ববিদ্যালয়ের এডুকেশনাল টেকনোলজি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। আজ ২১ অক্টোবর, ২০২৫ খ্রি. (মঙ্গলবার) সমাপনী অধিবেশনে ইন্টারনেট অব থিংস্ অ্যান্ড রোবোটিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
সমাপনী অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ বলেন, একবিংশ শতাব্দীতে তথ্য জানা যথেষ্ট নয় বরং তথ্যকে বিশ্লেষণ করে নতুন জ্ঞান সৃষ্টি করাই গবেষণার আসল উদ্দেশ্য। তরুণদের উচিত গবেষণার মাধ্যমে সমস্যার সমাধান খুঁজে বের করা এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনা।
তিনি আরও বলেন, আমাদের শিক্ষার্থীরা যেন ব্যর্থতাকে ভয় না পায় এবং নতুন কিছু আবিষ্কারের সাহস রাখে সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। বিশ্ববিদ্যালয় প্রশাসন এমন একটি প্ল্যাটফর্ম গড়ে তুলতে চায় যেখানে প্রতিটি শিক্ষার্থী তাদের উদ্ভাবনী চিন্তা ও গবেষণার মাধ্যমে জাতীয় ও বৈশ্বিক পরিমণ্ডলে অবদান রাখতে পারবে।