শিক্ষার্থীদের মধ্যে উদ্ভাবনী চিন্তা, প্রযুক্তির সৃজনশীল ব্যবহার এবং অন্তর্ভুক্তিমূলক প্রযুক্তি সম্পর্কে সচেতনতা ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে আজ, ২২ নভেম্বর ২০২৬, ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, বাংলাদেশ এর এডুকেশনাল টেকনোলজি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে ‘Innovation and Inclusion Workshop’ অনুষ্ঠিত হয়েছে।

আস্পায়ার টু ইনোভেট (a2i) এবং ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, বাংলাদেশ-এর যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মশালায় শিক্ষার্থীদের জন্য দুটি প্রশিক্ষণ সেশন পরিচালিত হয়। প্রথম সেশন সকাল ১০:০০টা থেকে ১১:০০টা এবং দ্বিতীয় সেশন সকাল ১১:৩০টা থেকে দুপুর ১২:৩০টা পর্যন্ত অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোক্তার আলী। তিনি তাঁর বক্তব্যে উদ্ভাবন, প্রযুক্তিনির্ভর শিক্ষা এবং অন্তর্ভুক্তিমূলক প্রযুক্তির গুরুত্ব তুলে ধরেন। শিক্ষার্থীদের প্রযুক্তিগত জ্ঞান অর্জনের পাশাপাশি উদ্ভাবনী চিন্তা, সমস্যা সমাধানের দক্ষতা এবং মানবকল্যাণে প্রযুক্তির কার্যকর ব্যবহার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি এ ধরনের প্রশিক্ষণ শিক্ষার্থীদের ভবিষ্যৎ দক্ষতা বিকাশ এবং প্রযুক্তিনির্ভর সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. ওবায়দুর রহমান, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (CSE) বিভাগ, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও এডুকেশনাল টেকনোলজি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান জনাব আদিত্য রাজবংশী। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক ফারহানা ইসলাম, সহকারী অধ্যাপক রুবেল শেখ ও আইআরই বিভাগের প্রভাষক মোঃ আশিকুচ্ছালেহীন। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন এডুকেশনাল টেকনোলজি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক মোঃ আশরাফুজ্জামান।

কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন a2i-এর সিনিয়র কনসালটেন্ট (ইনোভেশন ক্লাস্টার হেড) মোঃ নাহিদ আলম, কনসালটেন্ট (অ্যাক্সেসিবিলিটি) ভাস্কর ভট্টাচার্য। এছাড়া, উপস্থিত ছিলেন জুনিয়র কনসালটেন্ট এম. এম. তরিকুল হক, ইয়াং প্রফেশনাল এস. এম. ইসতিয়াক আহমেদ আলভী, এবং ইয়াং প্রফেশনাল ফাহিমা মাহজাবীন। তাঁরা শিক্ষার্থীদের উদ্ভাবন, প্রযুক্তিনির্ভর সমাধান, অ্যাক্সেসিবিলিটি এবং অন্তর্ভুক্তিমূলক প্রযুক্তির বিভিন্ন দিক নিয়ে প্রশিক্ষণ ও দিকনির্দেশনা প্রদান করেন।

প্রশিক্ষণের বিভিন্ন সেশন পরিচালনা করেন এটুআই-এর ইনোভেশন ক্লাস্টার হেড মো. নাহিদ আলম এবং কনসালটেন্ট (অ্যাক্সেসিবিলিটি) ভাস্কর ভট্টাচার্য। প্রশিক্ষণে ডিজিটাল অ্যাক্সেসিবিলিটি, মানবকেন্দ্রিক ও সর্বজনীন নকশা (Universal Design), সহায়ক প্রযুক্তি এবং আন্তর্জাতিক অ্যাক্সেসিবিলিটি মানদণ্ডের বিভিন্ন দিক তুলে ধরা হয়। বিশেষভাবে ওয়েব কনটেন্ট অ্যাক্সেসিবিলিটি গাইডলাইনস (WCAG) এবং সেকশন ৫০৮-এর আলোকে ওয়েবসাইট, মোবাইল অ্যাপ্লিকেশন ও ডিজিটাল কনটেন্টের প্রবেশগম্যতা মূল্যায়নের পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়।

এই কর্মশালা শিক্ষার্থীদের উদ্ভাবনী সক্ষমতা বিকাশ, প্রযুক্তির মাধ্যমে সামাজিক সমস্যা সমাধান এবং প্রতিবন্ধী ব্যক্তিসহ সকলের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে অন্তর্ভুক্তিমূলক প্রযুক্তি ব্যবহারে অনুপ্রাণিত করবে বলে আশা করা হচ্ছে।